গোদরেজ অ্যাগ্রোভেট প্রতিনিধিদলের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক,ত্রিপুরায় অয়েল পাম চাষ সম্প্রসারণে জোর
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরায় অয়েল পাম চাষের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে কিছু কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ -এর সঙ্গে বৈঠক করল গোদরেজ অ্যাগ্রোভেট এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার অয়েল পাম বিজনেসের সিইও সৌগত নিয়োগী, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কমলেশ ফন্ডেকার, মালয়েশিয়ার এসডি গুথ্রি-র প্রাক্তন গবেষণা ও উন্নয়ন প্রধান ড. হরি কুলাভীরাসিংগাম এবং অয়েল পাম বিজনেসের গবেষণা ও উন্নয়ন প্রধান ড. সন্তোষ স্বামী।
বৈঠকে মূলত ত্রিপুরার উনকোটি, ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলায় চলমান অয়েল পাম চাষ প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল জানায়, রাজ্যের বিভিন্ন চা-বাগানে পরীক্ষামূলকভাবে অয়েল পাম চাষ ইতিবাচক ফলাফল দিচ্ছে এবং এতে চা গাছ বা অয়েল পাম কোনও ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে না। ফলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চা-বাগানে অয়েল পাম চাষ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে সংস্থাটি।
এছাড়াও, নালকাঁটায় প্রস্তাবিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি সেন্টার) এবং একটি অত্যাধুনিক ‘সেন্টার অব এক্সেলেন্স’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এই কেন্দ্রটি ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক, গবেষক ও বিজ্ঞানীদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে প্রতিনিধিদল জানায়। প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের কাছে জমি বরাদ্দের আবেদনও জানানো হয়।
বৈঠকে নালকাঁটায় অয়েল পাম প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন, উন্নত মানের বীজ উৎপাদন ও সিড গার্ডেন তৈরি, অয়েল পাম চাষে সার বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি উদ্যান ও চা-বাগানে অয়েল পাম সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
সবশেষে মন্ত্রী রতন লাল নাথ প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, ত্রিপুরায় অয়েল পাম চাষের সফল বাস্তবায়ন ও সম্প্রসারণে রাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়গুলি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেন তিনি।
What's Your Reaction?