সাংবাদিক হেনস্তার অভিযোগ নিলোনা সিধাই থানা
দ্যা ফ্যাক্ট :- সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযোগ গ্রহণ করলো না সিধাই থানা। অবশেষে বাধ্য হয়ে এসডিপিওর নিকট দেওয়া হল অভিযোগ পত্র। রবিবার মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের সামনে ইভিএম জমার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতিপয় দুষ্কৃতি দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন সাংবাদিক রাজা রাম ঘোষ।
রবিবার টিটিএএডিসির নির্বাচন শেষে ইভিএম জমা প্রক্রিয়া শুরু হয় মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে প্রধান ফটকের সামনে কতিপয় দুষ্কৃতি সাংবাদিক রাজারাম ঘোষের পরিচয় পত্র ছিনিয়ে নেয়। এবং তার ছিড়ে ফেলে। পাশাপাশি তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অত্যন্ত বাজেভাবে তাকে হেনস্থা করা হয়। এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এই বিষয়ের সোমবার সিধাই থানাতে অভিযোগ দায়ের করতে যান সাংবাদিক রাজারাম ঘোষ এবং অন্যান্য সহকর্মীরা। কর্তব্যরত এক কনস্টেবল অভিযোগ গ্রহণ করে রিসিভ প্রদান করতে অস্বীকার করেন। এমনকি থানার ওসি সঞ্জয় লস্করের অনুমতি না পেলে তিনি কোনভাবেই রিসিভ কপি প্রদান করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সাংবাদিকদের। প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সাংবাদিকরা অভিযোগের রিসিভ কপি না পেয়ে ফিরে আসেন। বাধ্য হয়ে মোহনপুরের এসডিপিও আসিস দাশগুপ্তের নিকট অভিযোগ দাখিল করা হয়। একজন কর্তব্যরত সাংবাদিককে সরাসরি এইভাবে হেনস্তার অভিযোগ সিধাই থানা গ্রহণ না করায় তার তীব্র নিন্দা জানানো হয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনপুর মহকুমা কমিটির তরফে।
অন্যদিকে ইভিএম জমা কেন্দ্রের সামনে সাংবাদিকদের সাথে এই ধরনের হেনস্তার ঘটনায় মোহনপুরে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছেও অভিযোগ করা হয়েছে সাংবাদিকদের তরফে। দাবি উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি সিধাই থানার কর্তব্যরত পুলিশ কর্মীর কর্তব্যে গাফিলতির বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
What's Your Reaction?