ধর্মনগরের উন্নয়ন জারি রাখতে জয়ী হচ্ছে বিজেপি, ধর্মনগরে প্রচারে বললেন রতন
ধর্মনগরে হতে যাচ্ছে উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করানো লক্ষ্যে রবিবার পারিবারিক প্রচার করলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। বললেন ধর্মনগরে বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।
দ্যা ফ্যাক্ট :- ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে রবিবার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে ধর্মনগরের বাড়ি-বাড়ি প্রচারণায় অংশ নেন।
বুথ নং ৩৫ ও ৫১-এ বাড়ি-বাড়ি জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনী সমর্থন বাড়ানোর আহ্বান জানান রতন লাল নাথ। মন্ত্রী বলেন প্রচারের সময় স্পষ্টভাবে দেখা গেছে ধর্মনগরে বিজেপি জয়ী হবে।
তিনি আরও জানান আমি বুথ নং ৩৫ ও ৫১-এ বাড়ি বাড়ি প্রচারণা করেছি, অলিগলিতে প্রবেশ করে গণদেবতাদের সঙ্গে দেখা করেছি। আমাদের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র প্রতি মানুষের আস্থা এতটাই দৃঢ় যে যেন নীরবভাবে একটি বিশ্বাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি বাড়িতে হাসি, আশীর্বাদ ও ভালোবাসা পাওয়া গেছে, যা আমাদের মনকে নতুন শক্তি দিয়ে ভরিয়ে দিয়েছে। এই ভালোবাসা পথ দেখায়, এই বিশ্বাস আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। ধর্মনগরের স্বপ্ন এখন বড়, স্পষ্ট এবং উন্নয়নের অবিরাম যাত্রায় পূর্ণ।
মন্ত্রী আরও উল্লেখ করেন এই সমর্থন কেবল সম্ভব হয়েছে বিজেপির উন্নয়নমূলক কাজ ও রাজ্য জুড়ে অগ্রগতির কারণে। আমরা কেবল উন্নয়নকেই বিশ্বাস করি। সরকার সামাজিক ভাতা বৃদ্ধি করেছে, বিনামূল্যে চাল, বাড়ি, রাস্তা এবং পানীয় জল সরবরাহ করেছে। আমি আগে ধর্মনগরে এসেছি । কিন্তু কখনো এত সুন্দর ও পাকা রাস্তা দেখিনি। এগুলি বিজেপি সরকারের আসার পর তৈরি হয়েছে। আমাদের প্রধান অগ্রাধিকার হল উন্নয়ন এবং মানুষের কল্যাণ। বাড়ি-বাড়ি প্রচারণায় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে, বিজেপি আবার ফিরে আসছে।
What's Your Reaction?